মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জুলাই

আপডেট : ০১ জুন ২০১৬, ১২:০৫
 
নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছে আদালত।
 
আসামি পক্ষের সময়ের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন।
 
ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবা জানান, বুধবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হলেও অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৮ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করে।
 
২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগাবে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।