যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের 'প্রশংসা' করে তাকে 'জ্ঞানী রাজনীতিবীদ' বলে উত্তর কোরিয়ার একটি গণমাধ্যম। সেখানে ট্রাম্পকে 'দূর দৃষ্টি সম্পন্ন প্রেসিডেন্ট পদ প্রার্থী' হিসেবে উল্লেখ করা হয়। অন্যদিকে হিলারিকে আমেরিকানদের পছন্দ করা উচিত হবে না বলেও মন্তব্য করা হয়েছে।
'ডিপিআরকে টুডে' নামক দৈনিক পত্রিকা তাদের সম্পাদকীয়তে এ কথা বলে। বিবিসি জানায়, বিশ্লেষকরা মনে করছে এই সম্পাদকীয় কোন পলিসি থেকে লেখা হয়নি। তবে নিশ্চিতভাবেই এটি পিয়ংইয়ংয়ের মানুষের মনের ইচ্ছাকেই পরিবেশন করেছে।
সেখানে দক্ষিণ কোরিয়ার স্কলার হ্যান ইয়োঙ-মুক আরো লেখেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে উত্তর কোরিয়ার স্লোগান 'ইয়াংকি গো হোম' বাস্তবায়িত হবে। দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্যদের অপসারণের জন্য উত্তর কোরিয়া এই স্লোগান দিয়ে থাকে। তিনি লেখেন, যেদিন এই স্লোগান বাস্তবে পরিণত হবে, সেদিনই কেবল দুই কোরিয়া একত্রিত হতে পারবে।
সেখানে তিনি হিলারি ক্লিনটনকে ভোট না দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের মানুষকে উপদেশ দেয়। তিনি হিলারিকে 'নির্বোধ' হিসেবে সম্বোধন করেন।
এর আগে নিজের এক বক্তব্যে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জঙ-উনের সঙ্গে সাক্ষাৎ করে পরমাণু অস্ত্র নিয়ে কথা বলতে চান তিনি। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ কোরিয়ার লড়াই থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখবেন বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করবেন তিনি। বিবিসি।
