নিলামে উঠছে ক্যারিয়ার জুড়ে ফুটবল কিংবদন্তি পেলের পাওয়া ও ব্যবহৃত বেশকিছু স্মারক। লন্ডনে হতে যাওয়া এই নিলামে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলের সংগ্রহে থাকা ২ হাজারের বেশি স্মারক কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা।
তিনটি বিশ্বকাপের পদকসহ এই স্মারকগুলোর মধ্যে আছে মেক্সিকোতে ১৯৭০ সালের বিশ্বকাপ জেতার পর পেলের জন্য তৈরি করা জুলে রিমে ট্রফির রেপ্লিকাও।
১৯৬৯ সালে সান্তোসের হয়ে ভাস্কো দা গামার বিপক্ষে ক্যারিয়ারের এক হাজারতম গোল করেন পেলে। সেই ম্যাচের বলটিও থাকছে নিলামে। এ ছাড়া থাকছে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার পরা জার্সিগুলো।
এত দিন ধরে আগলে রাখা এই জিনিসগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে বলে জানান ৭৫ বছর বয়সী পেলে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু সঠিকভাবে এই স্মারকগুলোর যত্ন নেওয়া কঠিন। আমার কাছে মনে হয়েছে, এই জিনিসগুলো পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নিলে আমি ভালো করব।’
বেভারলি হিলস ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন অকশন্স এই নিলামের প্রক্রিয়া তত্ত্বাবধান করবে। ৭ জুন শুরু হয়ে এই নিলাম তিন দিন চলবে। আর এর থেকে আসা অর্থের একটা অংশ দাতব্যের জন্য দেওয়া হবে।
