সময়ের ব্যস্ত কন্ঠশিল্পী পড়শী এবারে আরজে হিসেবে তার নতুন পরিচয়ের ডানা মেললেন। পড়শী কন্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়, দেশের সেরা অভিনেতা শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত। এবারে আরজে পড়শীর যাত্রা শুরু। বিশ্বের অন্যান্য দেশের পপ স্টারের মতোই আমাদের দেশের পড়শীও গানের পাশাপাশি তাই নিজের জনপ্রিয়তার দ্যুতি ছড়াচ্ছেন নানান দিকে।
IMG0
জাগো এফএম ৯৪.৪ এ প্রতি রবিবার রাত ১০ টা থেকে ১২ টা অব্দি পড়শী থাকবেন আরজে হিসেবে তার শো ‘পড়শী নাইট’ এ। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ এমনিতেই রেডিও জকি’র কাজটি আমি আগে একজন অতিথি হিসেবে কোনো অনুষ্ঠানে গেলে দেখতাম। দেখতাম একজন আরজে কিভাবে শ্রোতাদের সাথে ইমাজিন করে কথা বলছেন। সত্যিই দারুণ লাগতো। আমার মনে হয় এটি একটি ঘোরের জগৎ। নিজে থেকে ভালো লাগা এবং এনজয় করবো বলেই জাগো এফএম এর সাথে চুক্তিবদ্ধ হলাম। ইচ্ছে আছে শো’টিতে প্রতি মাসের যেকোনো ১ বা দুই সপ্তাহে কোনো বিশেষ অতিথিকে নিয়ে চমক দেখানো। আরো কিছু চমক তো রয়েছেই। বাকি চমক আমার শো এর জন্যই জমা থাকুক।’
IMG1
উল্লেখ্য, হালের ব্যস্ত কন্ঠশিল্পী তার স্টেজ শো’র শিডিউল মেপে কিভাবে রেডিও শোতে সময় দেবেন এমন প্রশ্নে পড়শী জানান, ‘এটিও আমার কাজেরই একটা অংশ। আর অর্গানাইজারদের সাথে সেটি মিলিয়েই নেবো। সুতরাং তাতে কোনো সমস্যা হবে না।’
উল্লেখ্য, সম্প্রতি পড়শী আমেরিকা. কানাডা, লন্ডনসহ বেশ ক’টি দেশে স্টেজ শোতে পারফর্ম করে এলেন।
জাগো এফএম এর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী তার স্টেশনের নতুন শো ‘পড়শী নাইট’ প্রসঙ্গে বলেন , ‘এটি খুব চমক লাগানো একটি শো হবে। বেশ কিছু নতুন ডিজাইন করা হয়েছে শো এর আঙ্গিক নিয়ে যা শ্রোতারা উপভোগ করবেন।’
