আওয়ামী লীগ পরিচয় দিলেই খারাপ জায়গায় পোস্টিং: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০১৬, ১৬:৪৪
 
চিকিত্সক-রোগীর স্বার্থ সংরক্ষণে শিগগিরই ‘চিকিত্সা সেবা আইন-২০১৬’ আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তদবিরে আওয়ামী লীগ পরিচয় দিলে তাকে খারাপ জায়গায় পোস্টিং দেয়া হবে।’
 
বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন (বিএমএ) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ৩৪তম বিসিএম (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কর্মকর্তাদের যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

ডাক্তারদের পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে তদবিরে কাজ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন সবার স্বাস্থ্যমন্ত্রী। এখানে কোনো রাজনীতি নেই। ডাক্তারদের পদায়নে কোনো রাজনৈতিক পরিচয়ে কাজ হবে না। আওয়ামী লীগের পরিচয় দিলে তাকে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং দেয়া হবে। ডাক্তারদের পদায়ন ও প্রমোশনে আমি কোনো আপস করি না।’