মাস্টার বাহিনীর ১০ সদস্য কারাগারে

আপডেট : ০১ জুন ২০১৬, ১৮:৩৭
আত্মসমর্পণ করা বনদস্যু মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ তার দলের অপর ৯ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
বুধবার বিকালে বাগেরহাটের জেষ্ঠ্য বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে তাদের মংলা থানায় র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান কাদের মাস্টার তার দলের ৯ সদস্যকে নিয়ে মঙ্গলবার বিকেলে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পন করেন। এ সময় তারা ৪৭টি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্রের কিছু খণ্ডাংশ ও প্রায় পাঁচ হাজার রাউন্ড গুলি জমা দেন। এ সময় মন্ত্রী তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেন।
 
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ব্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র আইনে দুটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।