ইতালির ইউরো দলে খেলার সুযোগ পেলেন ব্রাজিলে জন্ম নেয়া ইডের। ২০১৬ ইউরোর জন্য ঘোষিত ইতালির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
তবে জায়গা হয়নি ব্রাজিলে জন্ম নেওয়া আরেক ফুটবলার জর্জিনিয়ো। সাম্পদোরিয়ার হয়ে ২০১৫-১৬ মৌসুমের প্রথমভাগ দারুণ কাটে এদেরের। এ সময় সেরি আয় ১৯ ম্যাচ খেলে ১২ গোল করেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু গত জানুয়ারিতে ধারে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর লিগে ১৪ ম্যাচে মাত্র একটি গোল করেন তিনি। ইতালির হয়ে সবশেষ গোল পেয়েছিলেন গত অক্টোবরে।
নাপোলির হয়ে ২০১৫-১৬ মৌসুমটা দারুণ কাটে জর্জিনিয়োর। ইতালির শীর্ষ লিগে রানার্সআপ হওয়া দলটির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে জাতীয় দলে থাকার সম্ভাবনা জোরালো করেছিলেন। কিন্তু কোচ আন্তোনিও কন্তের আস্থা অর্জন করতে পারেননি।
ফ্রান্সে হতে যাওয়া ইউরোর এবারের আসরে ইতালি প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন, বেলজিয়ামের বিপক্ষে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ আয়ারল্যান্ড ও সুইডেন।
ইতালি দল:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), ফেদেরিকো মার্চেত্তি (লাৎসিও), সালভাতোরে সিরিগু (পিএসজি)।
ডিফেন্ডার: আন্দ্রেয়া বারজাগলি (জুভেন্টাস), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস), মাত্তেও দারমেইন (ম্যানচেস্টার ইউনাইটেড), মাত্তিয়া দে সিলিও (এসি মিলান), আঞ্জেলো ওগবোন্না (ওয়েস্ট হ্যাম)।
মিডফিল্ডার: ফেদেরিকো বের্নারদেসকি (ফিওরেন্তিনা), আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), দানিয়েলে দে রস্সি (রোমা), স্তেফান এল শারাউই (রোমা), আলেসান্দ্রো ফ্লোরেন্সি (রোমা), এমানুয়েলে জাক্কেরিনি (বোলোনিয়া), থিয়াগো মোত্তা (পিএসজি), মার্কো পারোলো (লাৎসিও), স্তেফানো স্তুরানো (জুভেন্টাস)।
ফরোয়ার্ড: এদের (ইন্টার মিলান), চিরো ইম্মোবিলে (তোরিনো), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), গ্রাৎসিয়ানো পেল্লে (সাউথ্যাম্পটন), সিমোনে জাজা (জুভেন্টাস)।
