ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই নাগরিকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার আজিমপুর সমাজ কল্যাণ কমিউনিটি সেন্টারে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্থানীয় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লালসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এলাকাবাসীর চাহিদা অনুযায়ী স্থান প্রাপ্তি সাপেক্ষে গণশৌচাগার নির্মাণ করা হবে জানিয়ে মেয়র বলেন, ইতোমধ্যে আজিমপুর কবরস্থানের উন্নয়ন বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে এবং আগামী শীত মওসুমের আগেই আরমানীটোলা মাঠটিকে খেলার উপযোগী করে দেয়া হবে।
