শিশুকে বাঁচাতে গরিলা হত্যা, মা-বাবার অবহেলা খুঁজছে পুলিশ

আপডেট : ০১ জুন ২০১৬, ২০:০০
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনসিনাত্তি চিড়িয়াখানায় গরিলার আবাসস্থলে ঢুকে পড়ে এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে গরিলাটিকে হত্যা করতে হয় নিরাপত্তা কর্মীদের। শিশুটির গরিলার বেষ্ঠনীতে ঢুকে পড়ার ব্যাপারে তার বাবা-মার কোনো ভ্রান্তি আছে কি না তা যাচাই করছে এখন পুলিশ।
 
সিনসিনাত্তি পুলিশ বিভাগের মুখপাত্র জানান, তারা তদন্ত করে দেখছেন ঘটনার সময় শিশুর পিতা-মাতার ভূমিকা কী ছিল। গরিলার মৃত্যুতে কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না তাও বিবেচনা করছে পুলিশ।
 
পুলিশ শিশুটির বয়স ৩ বলে নিশ্চিত হয়েছে। এর আগে বলা হয়েছিল তার বয়স ৪ বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি পরিখায় ঢোকার বায়না ধরে এবং ৩ ফুট উঁচু দেয়াল টপকানোর পর ১৫ ফুট নিচে পরিখার ভেতরে পড়ে যায়। আক্রমণাত্মক ভঙ্গিতে শিশুটিকে টানা-হেঁচড়া এবং ঝাঁকানো শুরু করলে নিরাপত্তা কর্মীরা ১৭ বছর বয়সী ২০০ কেজি ওজনের গরিলাটিকে গুলি করে হত্যা করেন।
 
তবে চিড়িয়াখানার দর্শকদের মোবাইলফোনে ধারন করা ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটিকে রক্ষা করার চেষ্টা করছিল গরিলাটি। সূত্র: বিবিসি