ঈদের আট নাটকে মোনালিসা

আপডেট : ০১ জুন ২০১৬, ২০:১৭
চার বছর পর দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অভিনেত্রী ও মডেল মোনালিসা। ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত ৮টি নাটকে অভিনয় করছেন তিনি। 
 
সম্প্রতি শুটিং শেষ করেছেন নির্মাতা সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম’ নাটকের। এতে পুরান ঢাকার তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। সাজিন আহমেদ বাবুর ‘ডিড সোলায়মান’ নামে আরেকটি নাটকের শুটিং শেষ করেছেন। তার সহশিল্পী হিসেবে থাকছেন মোশাররফ করিম। 
 
নির্মাতা রায়হান জুয়েলেরর ‘চিরকুট’ নামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন। নাটকটির প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকের তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া নির্মাতা এস এ হক অলিকের নাম ঠিক না হওয়া আরেকটি নাটকেও অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন সজল ও আনিসুর রহমান মিলন। অনন্য ইমনের ‘ফিনিক্স ফ্লাই’ নাটকের শুটিং করেছেন মোনালিসা। এতে সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা আবদুন নূর সজল। 
 
নাটকগুলো আসন্ন ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। ঈদের নাটকে নিজের ব্যস্ততা প্রসঙ্গে মোনালিসা বলেন, গতবারের ঈদে আমি ছোটপর্দায় ছিলাম না। এবার আটটির মতো নাটকে থাকছি আমি। বিষয়টা আমার কাছে বেশ আনন্দের। ঈদে অনেক নাটকের অফার পেলেও বেছে বেছে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে সব নাটকের স্টোরিগুলো একই রকম। একটি থেকে আরেকটি আলাদা করাটা মুশকিল। সে কারণেই গড়পরতা কাজ করছি না।
 
বৈচিত্র্যময় বিভিন্ন রূপে হাজির হবেন এবারের ঈদে মোনালিসা। এবারের নাটকগুলোকে কোনটিতে তিনি পুরাণ ঢাকার মেয়ে, কোনটিতে তোতলা আবার কোনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া তিনি আরো জানিয়েছেন হাতে আরো বেশ কয়েকটি কাজ রয়েছে তার। চিত্রনাট্য পছন্দ হলেই সেগুলোতে কাজ করবেন তিনি।