ভারতে চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে রবিবার বিক্ষোভের ডাক দিয়েছে ‘জাট’ সম্প্রদায়ের নেতারা। বিক্ষোভকে কেন্দ্র করে হরিয়ানা রাজ্যে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে একই ধরনের বিক্ষোভে ব্যাপক প্রাণহানি হয়। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এখানকার মুনাক খাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির বেশিরভাগ পানিই এই খালের মাধ্যমে সরবরাহ করা হয়।
হরিয়ানার ২১ জেলার মধ্যে চার জেলায় বড় ধরনের গ্রুপের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ‘জাট’ সম্প্রদায়ের ডাকা বিক্ষোভে ১৯ জন নিহত ও ১৭০ জন আহত হয়। সম্প্রতি জাট সম্প্রদায়কে ভারতের উচ্চবর্ণ হিসেবে সরকার তালিকাভুক্ত করলেও অন্যান্য উচ্চবর্ণ সম্প্রদায়ের মতো সরকারি চাকরিতে তাদের সমান কোটা দেওয়া হয়নি। আর এ কারণেই তারা বিক্ষোভ করে আসছে।
গত ফেব্রুয়ারির বিক্ষোভে রাজ্যের মুনাক খাল বিক্ষোভকারীরা তিনদিন ধরে অবরুদ্ধ করে রাখে। তাদের লক্ষ্য ছিল দাবি-দাওয়া না মানলে দিল্লিতে পানি সরবরাহ করতে দিবে না। পরে অবশ্য সেনাবাহিনী এসে মুনাক খাল নিয়ন্ত্রণে নেয়। সূত্র: এনডিটিভি
