চট্টগ্রামে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ০১ জুন ২০১৬, ২২:০৮
চট্টগ্রামে হত্যা মামলায় সমিত বড়ুয়া (৩৫) নামে এক যুবকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।
 
বুধবার বিকেলে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। একই মামলায় নাজিম উদ্দিন নামের পলাতক এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
 
মহানগর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী  জানান, ২০০৫ সালের ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে তাজউদ্দিনকে চাকরি দেয়ার কথা বলে সমিত ও নাজিম সদরঘাটে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর তার লাশ বস্তায় ভরে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে ফেলে দেয়। লাশ নদীতে ফেলার সময় স্থানীয় জনতার হাতে আটক হয় সমিত বড়ুয়া। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওইদিন রাতেই তাজউদ্দিনের বড় ভাই জাহাঙ্গির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।