থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের আরো সাত রকমের পণ্য বাজারজাত করার নতুন সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এর কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার 'বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট এক্সপো-২০১৬' এর শেষ দিনে বাংলাদেশ ও থাইল্যান্ড- উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ি ও শিল্প-উদ্যোক্তাদের পারস্পারিক আলাপ-আলোচনায় প্রকারান্তরে এ সম্ভাবনায় তরান্বিত হয়েছে।
এই প্রথম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশের একক ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের সার্বিক বিবেচনায় বাংলাদেশে উৎপাদিত ওষুধ, সিরামিক, তৈরি পোশাক, পাটজাত পণ্য, ফার্নিচার, চামড়া এবং চামড়াজাত পণ্য থাইল্যান্ডের বাজারে স্থান পাওয়ার বিষয়টি ফুটে উঠে।
এছাড়াও বাংলাদেশে পর্যটন, এনার্জি ও টেলিকম খাতে থাই বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন। বুধবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণী থেকে এসব কথা জানা গেছে।
বাংলাদেশের স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার জন্য থাইল্যান্ডের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের অচিরেই বাংলাদেশ সফর করার কথা উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, দুদেশের ব্যবসায়ীগণ পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন।
