যথাযোগ্য মর্যাদায় গতকাল পালিত হয়েছে সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনভর আলোচনা সভা, তাঁর মাজারে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
IMG0
আলোচনা সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া বাঙালি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের অন্যতম প্রবক্তা। তিনি সংবাদপত্রের মাধ্যমে যেমন জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন তেমনি সাংবাদিক হিসেবে রাজনীতিরও গতিপথ নির্দেশ করেছেন। তার লেখনী স্বাধিকার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে সকাল থেকেই মরহুমের মাজারে কোরআনখানির আয়োজন করা হয়। এসময় মরহুমের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কোরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
IMG1
মাজারে কোরআনখানি ও দোয়া মাহফিল : আজিমপুরে মানিক মিয়ার মাজারে মিলাদ মাহফিলে অংশ নেন মরহুমের কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে তিনি মরহুমের কবরে ফাতেহা পাঠ করেন। এদিকে সকাল থেকে মরহুমের মাজারে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুনসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি- জেপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ : সকাল থেকেই মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
IMG2
জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন প্রেসিডিয়ািম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, যুব সংহতির সভাপতি এম এ কাইয়ুম, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনামুল ইসলাম রুবেল, জীবন কৃষ্ণ বৈরাগী, চট্টগ্রাম মহানগর জেপির আহ্বায়ক আজাদ দোভাষ, আলী আব্দুল্লাহ টিংকু, মঞ্জুর হাবিব, বরিশাল মহানগর যুব সংহতির সভাপতি জাকির সুলতান প্রমুখ।
দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে আজিমপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ইত্তেফাকের তিন ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিইউজে ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মো. আল-মামুন, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আখতার, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়, দৈনিক ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তাজাম্মেল হক।
IMG3
মিলাদ ও মোনাজাতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক আখতার ইউসুফ, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেন, বিজ্ঞাপন ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার আ. মতিন, ডেপুটি প্রোসেস ইনচার্জ আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ, সহ-সম্পাদক মো. মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমীন, সদস্য মো. মিজানুর রহমান, মো. খলিলুর রহমান, মো. আবুল হোসেন আকন, সাবেক সহ-সম্পাদক মো. আমজাদ হোসেন ও কর্মচারী ইউনিয়ন কোষাধ্যক্ষ আ. মালেক মিয়াজী। এছাড়াও মানিক মিয়া রিসার্চ একাডেমি মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক দেলওয়ার হাসান, খলিলুর রহমান খলিল, গাজী বরকত উল্লাহ, তুষার হোসেন, শাহাদাত হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
কাজলারপাড় ইত্তেফাক ভবনে মিলাদ মাহফিল : মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে গতকাল বুধবার বাদ জোহর রাজধানীর কাজলারপাড়স্থ ইত্তেফাক ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুনসহ ইত্তেফাকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান, মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।
IMG4
বরিশাল বিভাগ সমিতির মানিক মিয়া স্মরণ : বরিশাল বিভাগ সমিতির অস্থায়ী কার্যালয়ে গতকাল তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়া, বরিশাল বিভাগ সমিতির সদস্য মাহবুব আলম দুলাল, নারী মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন মুক্তা, আ স ম মোস্তফা কামাল প্রমুখ।
সাংবাদিক অধিকার ফোরাম : তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘অধিকার আদায়ের আন্দোলনে মানিক মিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের মহাসচিব আতাউর রহমানের সঞ্চালনায় সাংবাদিক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আমিরুল মোমেনিন, বাসসের ডেপুটি ইউনিট চিফ রুহুল গণি জ্যোতি, মৃনাল কৃষ্ণ চক্রবর্তী, আব্দুল মান্নান, রফিক আহমেদ, উম্মুল ওয়ারা সুইটি, শাজাহান মিয়া ও মঞ্জুশ্রী বিশ্বাস প্রমুখ।
জাতীয় গণতান্ত্রিক লীগ-জাগপা : এদিকে জাতীয় গণতান্ত্রিক লীগ-জাগপা মানিক মিয়া স্মরণে আলোচনা সভার আয়োজন করে আসাদ গেট জিইউপি মিলনায়তনে। এতে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ফায়জুর রহমান, শেখ ফরিদউদ্দিন, সাইফুল আলম, নাহিদ হাসান, নজরুল ইসলাম বাবলু, শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, আবু নাঈম প্রমুখ।
মানিক মিয়া পরিষদ : মানিক মিয়া স্মরণে মানিক মিয়া পরিষদ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম সাজাওয়ার হোসেন। আলোচনায় অংশ নেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, অ আ ম হায়দার আলী চৌধুরী, আব্দুল জলিল, নারী মুক্তি আন্দোলনের সভাপতি ফাতেমা খাতুন প্রমুখ।
মরহুমের সন্তানদের বাসভবনে অনুষ্ঠান : মানিক মিয়ার স্মরণে গতকাল বুধবার তাঁর কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেনের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মরহুমের জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার (বেবী) এর বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
