মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানির জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা ওই দিন ধার্য করেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন দাখিল করে বলা হয়, বেগম জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আদালতে আসতে পারেননি।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিসের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান। চলতি বছরের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জানুয়ারি এ মামলা দায়ের করা হয়।
