হাতির ধাওয়া খেলেন শোয়াজনিগার

আপডেট : ০২ জুন ২০১৬, ১০:৪১
 
হাতির ধাওয়া খেয়েছেন হলিউডের অ্যাকশন হিরো আর্নল্ড শোয়াজনিগার। দক্ষিণ আফ্রিকার সাফারি পার্কে তার গাড়ির পেছনে হাতিটি ছুটে আসে।
 
গত মঙ্গলবার নিজের টুইটার ও ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন শোয়াজনিগার। সেখানে দেখা গেছে, সাফারি পার্কের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হাতি তার গাড়ির সামনে এসে পড়ে। পরে হাতিটি ঘুরে গিয়ে গাড়ির পেছনে যায় ও গাড়িটিকে ধাওয়া করে।
 
শোয়াজনিগার বলেছেন, এই সুন্দর প্রাণীকে আমি সমীহ করি। আমি আশা করছি গজদন্তের জন্য মানুষ তাদের হত্যা বন্ধ করবে।
 
তিনি আরো লিখেছেন, এটা যদি সত্যিকার অর্থে কোনো চলচ্চিত্র হতো তবে আমি এরকম কথা লিখতে পারতাম না। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে যাদের স্বভাব পরিবর্তন করা উচিত। ছবি তুলুন, গুলি করবেন না।
 
৬৮ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও বডিবিল্ডার একটি বার্ষিক ফিটনেস সম্মলন ও প্রদর্শনীতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তবে ঠিক কোন পার্কে তিনি গিয়েছিলেন সেটি প্রকাশ করা হয়নি।
 
প্রতি বছর ৩০ হাজারেরও বেশি আফ্রিকান হাতি চোরাকারবারীদের হাতে নিহত হয়। খবর: এনডিটিভি।