বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত থাকার অভিযোগে ফিলরেমসহ রেমিট্যান্স আদান প্রদানকারী ৩ অর্থ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বিএসপি। লাইসেন্স বাতিল হওয়া অন্য প্রতিষ্ঠান দুটি হল ওয়েরকুইক ও পেসো রেমিট্যান্স এক্সপ্রেস।
বিএসপির বরাত দিয়ে ফিলিপাইনের অনলাইন পত্রিকা কনসেপ্ট নিউজ সেন্ট্রাল জানায়, অর্থ পাচারে সহযোগিতার অভিযোগে রেমিট্যান্স এজেন্ট, মানি এক্সচেঞ্জার ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী হিসেবে এই তিন প্রতিষ্ঠানের লাইসেন্সে বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে বিএসপি।
এদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট বা হিসাব থেকে ৮০ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।
সিএনবিসি জানায়, কংগ্রেসের হাউস অব সায়েন্স কমিটির চেয়ারম্যান লামার স্মিথ মঙ্গলবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলির কাছে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনাসংক্রান্ত ‘সব কাগজপত্র এবং যোগাযোগ তথ্য’ চেয়ে পাঠান। কমিটি নিউইয়র্ক ফেডের কাছে এ-ও জানতে চেয়েছে যে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) সিস্টেমে কোন ত্রুটি ছিল কি না? ১৪ জুনের মধ্যে এই কাগজপত্র দিতে বলা হয়েছে।
