ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছে বুধবার। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশী মিশনের প্রধান, এবং আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন। এ বছরের বিষয়বস্তু ছিল “মহা নদী”- এমন প্রাকৃতিক সম্পদ যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়কেই সমৃদ্ধ করছে।
রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তাঁর বক্তব্যে বলেন, আমাদের উভয় দেশেরই রয়েছে বিশ্বের বিশাল কিছু নদী। এই নদীগুলো আমেরিকান এবং বাংলাদেশিদের টিকিয়ে রেখেছে এবং অনুপ্রাণিত করেছে। রাষ্ট্রদূত বার্নিকাট যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার উপর জোর দিয়ে বলেন, যেহেতু আমরা চরমপন্থা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রচণ্ড হুমকির মুখোমুখি যা থেকে আমাদের অবশ্যই একুশ শতকের মধ্যেই বেরিয়ে আসতে হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সফলতা পেতে একসাথে কাজ করতে হবে, আলাদা ভাবে নয়।
IMG0
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মেরিন গার্ডরা যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে কুচকাওয়াজ প্রদর্শন করে, সাধনা ড্যান্স কোম্পানি নৃত্য এবং বাংলাদেশী ব্যান্ড ব্লুজ ব্রাদার্স ও সঙ্গীত পরিবেশন করে।
