বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার টাংগাইল জেলা লেকে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মোট চারটি ক্যাটাগরিতে ৯২ জন ছেলে ও ৪ জন মেয়ে সাঁতারুসহ মোট ৯৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
বিচারকরা সেখান থেকে নয়জন ছেলে ও একজন মেয়েকে পরবর্তী রাউন্ডে ঢাকায় অংশ নেয়ার জন্য নির্বাচিত করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ১০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুল রহমান খান, নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার নাঈমুল হক প্রমুখ।
উল্লেখ্য, নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদেরকে তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে গত ১৯ মে হতে এ সাঁতার অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। সারাদেশের ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলা হতে প্রায় ২৫ হাজার সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
এতে বলা হয়, ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ৪টি বয়সভিত্তিক গ্রুপে (১১-১২ বছর, ১৩-১৫ বছর, ১৫-১৭ বছর এবং ১৮ থেকে তনূর্ধ্ব বয়সী) নারী ও পুরুষ সাঁতারুরা অংশগ্রহণ করছে। গণমাধ্যমে প্রচার প্রচারণার প্রেক্ষিতে ইতিমধ্যে সারাদেশ হতে ব্যাপক সংখ্যক প্রতিযোগী কল সেন্টার (০৯৬৭৮-৮০০৭০০) ও ওয়েবসাইটের (http://www.sherashataru.com) মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন।
এভাবে সারা দেশ হতে প্রথম পর্বে মোট ১০০০ জন প্রতিভা সম্পন্ন সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পুনরায় প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে নির্বাচিত করে বিদেশী প্রশিক্ষকের মাধ্যমে ৩ মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। ২য় পর্বে সেরা ১৬০ জনের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জন হতে সেরা ৬০ জন সাঁতারু নির্বাচন করা হবে। এই সেরা ৬০ জন সাঁতারুর প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
তাছাড়া এদের মধ্যে ৪টি ইভেন্টের সেরা ৪ জন নারী এবং ৪ জন পুরুষ সাঁতারুকে ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে। এভাবে তিনটি পর্বে সর্বমোট ৬৫ লক্ষ টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সেরা ৬০ জন সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দিবেন এবং তাদেরকে বিশ¡ মানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।
বিশেষভাবে উল্লেখ্য, তাদের লেখাপড়ার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বহন করা হবে।
