বিদেশে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপযুক্ত কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ছাড়াও আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) ও সুইজারল্যান্ড সরকার কাজ করবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম শক্তিশালী করতে কাজ করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে বিদেশে চাকরিপ্রার্থী কর্মীদের দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্ব দেয়া হবে। বিশেষত মানসম্পন্ন শ্রম বাজারের তথ্য প্রাপ্তি, পেশাগত শ্রেণিবিন্যাস, বিদেশ গমনের পূর্বে যথাযথ প্রশিক্ষণ সনদ এবং বিদেশে কল্যাণ সেবা। সেই সঙ্গে শ্রমিকদের উপযুক্ত কাজ পেতে গবেষণা ও কারিগরি সহায়তার পাশাপাশি শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগও নেয়া হবে। এ লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিএস) ৭২ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিচ্ছে। এ কার্যক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান যুক্ত থাকবে।
সোমবার এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার, বাংলাদেশস্থ আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস রেড্ডি, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন বিটএলসেসর উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৫ সালে সাড়ে ৫ লাখ কর্মী বিদেশে গেছে। এর মধ্যে ১৯ শতাংশ নারী কর্মী। আলোচ্য সময়ে ১ হাজার ৫২৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
