ফ্রেঞ্চ ওপেনের সেমিতে জোকোভিচ

আপডেট : ০২ জুন ২০১৬, ২১:৫৭
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ক্লে-কোর্টের  ইভেন্টটিতে রেকর্ড টানা ষষ্ঠবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছেন ১১ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী।
 
বৃহস্পতিবার রোলাঁ গারো স্টেডিয়ামের কোর্টে এ ম্যাচেও বৃষ্টি বাধায় পড়েন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে চেক তারকা টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে সেমিতে পা রাখেন বিশ্বসেরা টেনিস তারকা জোকোভিচ।
 
প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে (৭-৫) অবশ্য দু’জনের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে তৃতীয় সেটটি ৬-৩ গেমের দুর্দান্ত জয়ে সেমি নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস সেনসেশন।
 
রোলাঁ গারোয় এটি হবে জোকোভিচের অষ্টম সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম। কোয়ার্টারে বেলজিয়ান ডেভিড গফিনকে ৪-৬, ৭-৬ (৯-৭), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমির টিকিট কাটেন ডমিনিক।
 
প্রসঙ্গত, চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মধ্যে ফ্রেঞ্চ ওপেন ছাড়া বাকি সবকটিতেই একাধিক শিরোপা উঁচিয়ে ধরেছেন জোকোভিচ। প্যারিসে এসে তিন তিনবার ফাইনালে উঠেও একরাশ হতাশা নিয়েই তাকে কোর্ট ছাড়তে হয়।