ফেনী শহরে এক ব্র্যাক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফেনী চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। ওই ব্যাংক কর্মকর্তার নাম মফিজুল ইসলাম। তিনি বর্তমানে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ব্র্যাক পাঠানবাড়ী রোড শাখার ব্যবস্থাপক অমিয় ভূষণ রায় জানান, শাখার হিসাব রক্ষক মফিজুল ইসলাম ও নুরুল ইসলাম ৭ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় শহরের চক্ষু হাসপাতালের সামনে আচমকা একটি মোটর সাইকেলে করে দুই ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে।
ছিনতাইকারীরা টাকার ব্যাগ ধরে টান দিলে মফিজুল ইসলাম তাদের বাধা দেন। এতে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ব্যবস্থাপক।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোঃ শাহিনুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
