মাহীর প্রথম স্বামী শাওনের জামিন আবেদন

আপডেট : ০৩ জুন ২০১৬, ০৯:০১
 
চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর প্রথম স্বামী শাহরিয়ার ইসলাম শাওনের জামিন চেয়ে গতকাল বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আইনজীবী বেলাল হোসেন। তবে জামিন শুনানির তারিখ পড়েনি।
 
আইনজীবী বেলাল হোসেন জানান, আগামী রবিবার শুনানির তারিখ পড়তে পারে। জামিনের পর মাহীর বিরুদ্ধে প্রতারণা মামলা করবে শাওনের পরিবার।
 
গত ২৯ মে শাওনকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। ৩১ মে শাওনকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাওন এখন কারাগারে আছেন। এদিন শাওন-মাহীর বিয়ের কাবিননামাও আদালতের কাছে উপস্থাপন করেন শাওনের আইনজীবী।
 
আইনজীবী বেলাল হোসেন বলেন, শাওন ছাড়া পেলে মুসলিম পারিবারিক আইন মেনে মাহীর বিরুদ্ধে প্রতারণা মামলা করা হবে। আইনগতভাবে প্রথম বিয়ের বিচ্ছেদের পর কেউ দ্বিতীয় বিয়ে করতে পারেন। কিন্তু তালাক না দিয়ে এবং শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রেখে মাহী দ্বিতীয় বিয়ে করেছেন।