সন্ত্রাসী হামলায় নিহত ইউএসএআইডি ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের পরিবারের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জানা গেছে, গতকাল সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহত জুলহাজের পরিবারের সদস্যদের কাছে চিঠিটি হস্তান্তর করা হয়েছে।
গত ৫ মে লেখা ওই চিঠিতে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা নিহত জুলহাজের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে বলেন, এমন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশজুড়ে একটি ন্যায় ও সমতার ভবিষ্যত্ গড়তে জুলহাজ নিজেকে নিয়োজিত করেছিলেন। চিঠিতে জুলহাজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এটি সত্যিই খুব কঠিন সময়, তবে জানবেন আপনারা আমার ভাবনাজুড়ে আছেন।
প্রসঙ্গত, জুলহাজ ও তার বন্ধু মাহবুব তনয়কে অজ্ঞাত চাপাতিধারীরা ২৫ এপ্রিল তার বাসায় কুপিয়ে হত্যা করে।
