ছবি মুক্তির পাবে আরও মাসখানেক পরে। তার আগেই রেকর্ড করল ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’! ট্রেড অ্যানালিস্টদের মতে, মুক্তির আগেই ডিস্ট্রিবিউটিং রাইট এবং স্যাটেলাইট রাইটের বদৌলতে ২০০ কোটি রুপি কামিয়ে নিয়েছে তামিল ছবিটি।
রেকর্ড অঙ্কে কর্নাটকের পরিবেশনা স্বত্ব কিনেছেন এক ডিস্ট্রিবিউটর। লিঙ্গা ছবির প্রযোজনা সংস্থা রকলাইন ভেঙ্কটেশ এই স্বত্ব কিনেছে। ছবিটির পরিবেশনা স্বত্ব কিনতে আগ্রহী অনেকেই। হিন্দিতে এই ছবিটির ডাবিং রাইট কিনতে ইতোমধ্যেই চেন্নাইয়ে দরবার শুরু করেছেন বলিউডের দুই নামজাদা পরিবেশক সংস্থা।
এমনকি, চীনা ভাষায় ছবিটির স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে হংকংয়ের একটি সংস্থাও। ইউরোপে এখনও পর্যন্ত বিক্রি হওয়া ছবির মধ্যে রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে ফ্রান্সের ডাবিং রাইট। আগামী ১ জুলাই তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।
মালয়েশিয়ায় বাজার সিনেমার ধরতে এই প্রথম তামিল সিনেমা হিসেবে মালয় ভাষাতেও ছবিটি ডাব করা হয়েছে। আগামী ১১ জুন চেন্নাইয়ে ছবিটির গান মুক্তি পাবে। মুক্তির আগেই যদি এই অবস্থা হয় দেখা যাক মুক্তির পর ঝড় নাকি সুনামি, কি উপহার দেয় কাবালি।
