এবার ছোট পর্দার ধারাবাহিকে রণবীর-অর্জুন

আপডেট : ০৩ জুন ২০১৬, ১১:০৬
এবার ছোট পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর। বলিউড তারকাদের বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে আসার ঘটনা এই নতুন নয়। এর আগে বিগ বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া- প্রত্যেকেই ছোট পর্দায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন।
 
এবার রণবীর এবং অর্জুনের পালা। যশরাজ ফিল্মসের আগামী ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাবে এই হ্যান্ডসাম জুটিকে। এর আগে ‘গুণ্ডে’ ছবিতে এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। তাদের পর্দা উপস্থিতি মন কেড়েছিল সবার।
 
শোনা যাচ্ছে, যশরাজের এই ওয়েব সিরিজও বন্ধুত্ব, প্রেম, লড়াই সবই থাকবে। এই দুই তারকার বিপরীতে অভিনয় করার জন্য সুন্দরী অভিনেত্রীর খোঁজ করছে যশরাজ ফিল্মস।
 
জানা গেছে, এই মুহূর্তে দুই অভিনেতাই ব্যস্ত রয়েছেন নিজেদের ফিল্ম নিয়ে। রণবীর এখন প্যারিসে ‘বেফিকর’ ছবির শুটিংয়ে ব্যস্ত এবং অর্জুন ব্যস্ত ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শুটিংয়ে।
 
তাই যশরাজের পক্ষ থেকে এখনও সরাসরি জানান হয়নি কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং। তবে এই ধারাবাহিকের শুটিং যে শিগগিরই শুরু হবে, সে বিষয়ে জানানো হয়েছে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে।