চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৩:১৫
চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন। এতে বিএনপি নেতাদের প্রতি হয়রানির অভিযোগ তুলে বিভিন্ন দাবি পেশ করা হয়েছে।
 
শুক্রবার সকালে ১১টায় চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরীতে নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বিএনপি নেতা-কর্মীদের প্রতি অত্যাচারের অভিযোগ তুলে সাতকানিয়ার সংসদ সদস্য আবু রেজা মো. নজবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সঙ্গে সাতকানিয়া থানার ওসিকে ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। কারণ হিসেবে বলা হয়, সাতকানিয়ার সংসদ সদস্যের বলে বলীয়ান হয়ে ওই ওসি বিএনপি নেতাদের হয়রানি করছেন।
 
সংবাদ সম্মেলনে বিভাগীয় নির্বাচন মনিটরিং কমিটির এই টিম লিডার বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বাঁশখালীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। কারণ হিসেবে বলা হয়, তার অত্যাচারে বিএনপির কোনো কর্মী এলাকায় ভিড়তে পারছেন না।
 
বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় নির্বাচন কমিশনারকে অথর্ব বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।