প্রিমিয়ার হকিতে শীর্ষে আবাহনী

আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:০৯
ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সোনালী ব্যাংককে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আবাহনী লিমিটেড। শুক্রবার মওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার সোনালী ব্যাংককে ৪-৩ গোলে হারায় আকাশী-হলুদরা।
 
এদিন তোশিক আরশাদ, রোম্মান সরকার, শাকিল আব্বাসি ও মোহাম্মদ ইরফান আবাহনীর চার গোলদাতা। সোনালী ব্যাংকের গোলগুলো করেন তাহের আলী, তোশিক আহমেদ ও ইহসান উল্লাহ খান।
 
মওলানা ভাসানী সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট মাহবুব হারুনের শিষ্যদের। আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলা ঊষা ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
 
একই দিনে জিতেছে মেরিনার ইয়াংস ক্লাবও।  দিনের প্রথম খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ৮-০ গোলে আজাদ এসসিকে হারায়। জয়ী দলের আরশাদ হোসেন চারটি গোল করেন। মামুনুর রহমান চয়ন, সোহানুর রহমান, রাজু আহমেদ তপু ও মইনুল ইসলাম কৌশিক বাকি গোলগুলো করেন।
 
সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মেরিনার ইয়াংসের পয়েন্টও ঊষার সমান ১৬। তবে গোল পার্থক্যে তৃতীয় স্থানে আছে তারা।