নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে মোহামেডানের মেয়েরা। বৃহস্পতিবার সুপার লিগের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
এতে করে প্রথম পর্বের প্রতিশোধ সুপার লিগে নিয়ে নিল মোহামেডান স্পোটিং ক্লাব।
এদিন আবাহনীর ১৩২ রান টপকে মোহামেডান জিতে যায় ৯ ওভার বাকি থাকতেই। বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর হয়ে বলার মত রান করেছেন কেবল শারমিন শুপ্তা ও জাহানারা আলম। ৬২ বলে ৩৮ করেছেন ওপেনার সুপ্তা, অধিনায়ক জাহানারা ৬২ বলে ৩৪।
মোহামেডান অধিনায়ক সালমা খাতুন নিয়েছেন ২ উইকেট। লতা মণ্ডল, ঝুমুর আক্তার ও ফারজানা হক নিয়েছেন একটি করে।
ফারজানা পরে ব্যাট হাতে ৩৫ রান করে হয়েছেন ম্যাচ সেরা। মোহামেডানের শ্রীলঙ্কান ওপেনার দিপীকা রাসাঙ্গিকা করেছেন ৩৯। অধিনায়ক সালমা ১২ রান করে ফেরেন দলের জয় সঙ্গী করে।
আবাহনীর সাবিকুন নাহার নিয়েছেন ২টি উইকেট, জাহানারা ও সুবর্ণা একটি করে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান ধরে রাখল শীর্ষস্থান।
