রাজধানীর সাভার উপজেলায় শুক্রবার দুপুরে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আনন্দ পরিবহন নামের একটি দূরপাল্লার বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। পরে বাসটি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর দিয়ে উঠে গাবতলী থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়।
এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বাস দু’টি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। খবর- বাসস।
