প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী শাহানা কাজী তার নতুন গানের ভিডিও প্রকাশ করছেন এবারের ঈদে। কানাডার টরেন্টোতে বসবাসরত সাউথ এশিয়ান মহলের জনপ্রিয় এই কন্ঠশিল্পী ঈদের জন্য শ্রোতাদের এসব গান উপহার দিবেন বলে জানিয়েছেন।
শাহানা কাজী বলেন, কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে বেশকিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরী করেছি।
এর মধ্যে ‘অনুশোচনা’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ হবে। ঈদের আগে আরও কিছু মিউজিক ভিডিও প্রকাশ হবে। এরমধ্যে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির ভিডিও প্রকাশ করা হবে ঈদের মধ্যে যা দর্শকদের জন্য হবে খুবই আকর্ষণীয়। সব কটি গানের ভিডিও প্রকাশ করা হবে কানাডার ব্লসম মিউজিক এর ব্যানারে। আশা করি, দর্শক-শ্রোতারা পছন্দ করবেন। প্রথম অ্যালবামটি প্রযোজনা করছেন শাহেদ কাজী।
সুদূর কানাডা থেকে বাংলাদেশের মানুষের জন্য এবং সারাবিশ্বের বাঙ্গালীদের জন্য শাহানার এই প্রচেষ্টাকে কানাডাসহ নানা দেশের বাঙ্গালীরা অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান এই কন্ঠশিল্পী ব্যক্তিগত জীবনে পড়াশুনা শেষ করেছেন টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে।
এছাড়া তিনি কানাডার সুনামধন্য সঙ্গীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অফ মিউজিক’ থেকে সঙ্গীতের উপর তালিম নিয়েছেন। শাহানার ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি বর্তমানে আইটিউনস, অ্যাপল মিউজিক, অ্যামাজন, স্পটিফাইসহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি, এমপিথ্রি ফরম্যাটে এবং স্ট্রিমিং এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে।
প্রথম অ্যালবামটি মুক্তির পর উত্তর আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন শাহানা কাজী। বর্তমানে শাহানার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে ফলোয়ারদের সংখ্যা প্রায় সাত লাখ।
