সরকারের এ মেয়াদেই বেসরকারি খাতে পেনশন চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট ঘোষণার পরদিন শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেসরকারি খাতে পেনশন সিস্টেম... এই মুহূর্তে এটা সম্পর্কে খুব বেশি বলতে চাই না। সামাজিক নিরাপত্তা স্ট্রাটেজির মধ্যে... ইট শুড বি ইনকরপোরেটেড।’
অর্থমন্ত্রী বলেন, অন্তত সংগঠিত খাতে, যেখানে শ্রমিক সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, সেখানে ‘কন্ট্রিবিউটিং পেনশন স্কিম’ চালু করা যায়। সেখানে যারা পেনশন পায়, তারা কিছুটা দিবে, আর কিছুটা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। সেই অনুসারে প্রত্যেকের জন্যই একটা পেনশন সৃষ্টি করা যায়।’
ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্যদের দিকে তাকিয়ে আশি পেরুনো মুহিত বলেন, ‘আমাদের সকলের বয়স সত্তর হয়ে যাচ্ছে। এটা আমাদের চিন্তা করার দরকার আছে। উই আর ওয়ার্কিং ইট আউট। একটু সময় লাগবে।’
