মাঠের কঠিন রোনালদো দুস্থ ও শিশুদের জন্য কত বড় মনের মানুষ সেটি আবারো প্রমাণ করলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতায় যে বোনাস পেয়েছেন তার পুরো অর্থ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন সিআর সেভেন।
অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ১১তম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। তিনবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা বোনাস হিসেবে ৬ লক্ষ ইউরো পান।
‘ডেফেনসা সেন্ট্রাল’ এর স্প্যানিশ সাংবাদিক পিপি এসত্রাদা জানান, বোনাসের পুরো ৬ লাখ ইউরো একটি দাতব্য সংস্থায় দান করেছেন রোনালদো। একটি এনজিও প্রতিষ্ঠানে রিয়ালের এই তারকা তার এজেন্ট জর্জ মেন্ডেসকে পুরো টাকা বুঝিয়ে দেয়ার জন্য বলেছেন।
এর আগেও রোনালদো দানশীল ব্যক্তি হিসেবে সুনাম কুঁড়িয়েছেন। রিয়াল তারকা ১০ বছর বয়সী এক শিশুর মস্তিষ্ক অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। নিজের জন্মভূমি পর্তুগালের মাদেইরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য দেন সিআর সেভেন। ২০০৮ সালে সেখানে ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন রোনালদোর মা ডোরোরেস আভেরো।
গত বছর রোনালদো নেপালের দুর্গত মানুষের জন্য দান করেন ৭৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে এই অর্থ সহায়তা করেন তিনি।
