প্রস্তাবিত বাজেটকে ‘পকেট মারার বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রশ্ন করেন জনগণের পকেট মারার বাজেট দিয়ে কিভাবে জনগণের উন্নয়ন হবে?
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী বন্ধু দল।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবী করে গয়েশ্বর রায় বলেন,আমাদের দেশে রাজনীতি থাকবে, কিন্তু ষড়যন্ত্র থাকবে না এটা কখনো সম্ভব নয়। আর এই ষড়যন্ত্র মোকাবেলা করাই হলো রাজনীতিবিদের কাজ। সরকার নিজে নিরাপদে থাকতে ও প্রতিবেশী ভারতের স্বার্থে বেগম জিয়াকে কোণঠাসা করে রাখতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
গয়েশ্বর বলেন, আমাদের দলের মধ্যে কিছু নেতা ভারতপ্রেমী হতে চায়। ভারতপ্রেমী হয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে,তাহলে আমি তা ঘৃণা করি। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব রাখা দরকার, কিন্তু তা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। ভারতপ্রেমী হয়ে এই সরকার ক্ষমতায় আছেন। তারা ক্ষমতায় থাকতে চান। তাদেরকে ভারতপ্রেমী হয়ে ক্ষমতায় থাকতে দিন।
শরীফ মোস্তফা জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বন্ধু দলের যুগ্ম আহবায়ক ইসমাইল তালুকদার, প্রকৌশলী এচই এম আমিনুর রহমান আমিন প্রমুখ।
