বেতারের আঞ্চলিক পরিচালকসহ ১৭ জন সামায়িক বরখাস্ত

আপডেট : ০৪ জুন ২০১৬, ০৯:০৯
 
গত বৃহস্পতিবার বাংলাদেশ বেতারে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচারের আগে বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশনের দায়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামালসহ ১৭ জনকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। 
 
এদের মধ্যে প্রকৌশলীসহ বেতারের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। অর্থমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন। 
 
এরআগে ঢাকা বেতার থেকে ঘোষণা করা হয় যে, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এই ঘোষণাটি দেয়া হয় ৩টা বিশ মিনিটে। এরপর বেতারে ভেসে আসে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ....’, যা বিএনপির ঘোষিত দলীয় সঙ্গীত। 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশে এই ঘটনা তদন্তে ওই দিনই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৭ জনকে সামায়িক বরখাস্ত করা হয়।