রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। এবার সালমানের সঙ্গে গান গাইলেন লুলিয়া। ‘সুলতান’ ছবির ‘বেবি কো বাস পছন্দ হ্যায়’ গানের ‘বেবি নু বাস পছন্দ হ্যায়’ ভার্সনে কণ্ঠ দিয়েছেন তারা। তাদের সঙ্গে ছিলেন প্লেব্যাক সিঙ্গার ইশিতা।
গুঞ্জন উঠেছিল, আগামী ডিসেম্বরে বিয়ে করছেন সালমান-লুলিয়া। কিন্তু এই গুঞ্জনকে নাকোচ করে দিয়েছেন লুলিয়া। নিজেদের সম্পর্ক কখনো স্বীকার না করলেও বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সম্পর্কও গড়ে উঠেছে লুলিয়ার। এমনকি সম্প্রতি প্রীতি জিনতার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেনও তারা। আর এবার একসঙ্গে গান গাইলেন। তার মানে কি গানের মাধ্যমে সালমান-লুলিয়া তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে জানান দিচ্ছেন?
লুলিয়ার গানের বেশ প্রশংসা করেছেন ‘সুলতান’ ছবির সুরকার বিশাল দালদানি ও শেখর রাজভানি। বিশাল বলেছেন, লুলিয়া প্রথমবারের মতো গান গেয়েছেন। এটি দারুণ। শেখর বলেছেন, আমরা যখন জানতে চেয়েছি কে গান গাইবেন। উত্তরে সালমান লুলিয়ার কথা বলেছিলেন। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। আপনি জানেন যে হিন্দি কঠিন ভাষা আর লুলিয়া শব্দ, উচ্চারণ সম্পর্কে তেমন অবহিত নন। কিন্তু তারপরও সে ভাল করেছে। আসলেই ভাল করেছে। খবর: বলিউড লাইফ।
