১০ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়ালটন ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হলো। আবাহনী লিমিটেড ঢাকা, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি. ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে শীর্ষ বাছাই দল হিসেবে বিবেচনায় নিয়ে চার গ্রুপে ভাগ করা হয়।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
বিকাল চারটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় দিনে দুটি করে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২২ ও ২৩ জুন হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৬ জুন।
ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
ফেডারেশন কাপের গ্রুপ
| গ্রুপ এ | আবাহনী লি: ঢাকা, সকার ক্লাব, ফেনী, আরামবাগ ক্রীড়া সংঘ |
| গ্রুপ বি | শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী |
| গ্রুপ সি | শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি:, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা |
| গ্রুপ ডি | মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি |
