জমকালো আয়োজনে শুরু কোপা আমেরিকার শতবর্ষী আসর

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:১৩
একশত বছর পূর্তি উৎসব। প্রথা অনুযায়ী চার বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শতবর্ষটা যদি এই চার বছরের মাঝে। তাই প্রথা ভেঙ্গে শুরু হলো উৎসব। আয়োজন করা হলো বিশেষ আসর।
 
সেজন্য ভাঙ্গা হলো কোপা আমেরিকার ঐতিহ্যও। এর আগে ৯৯ বছরে একবারের জন্য লাতিন আমেরিকার বাইরে অনুষ্ঠিত হয় তাদের ঐতিহ্যের এই টুর্নামেন্টটি। অথচ, এবারই প্রথম শত বর্ষ পূর্তি উদযাপন করার জন্য লাতিনের বাইরে নিয়ে আসা হলো কোপা আমেরিকা। অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রতি বছর এমনিতেই কোপায় আমন্ত্রিণ একটি কিংবা দুটি দল থাকতো। এবার আর আমন্ত্রিত নয়, ১২ দেশের এই টুর্নামেন্টটি নিয়ে যাওয়া হলো ১৬ দলে। লাতিনের সঙ্গে উত্তর আমেরিকার ৬টি দেশ এবার যুক্ত হলো এই টুর্নামেন্টে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে মোট ১০টি স্টেডিয়ামে বসছে কোপার শতবর্ষের পূর্তি উৎসব। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় লেভিস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ক্রিশ্চিয়ান জাপাতা এবং হামেস রদ্রিগেজের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া।