ডিপিএলে ফতুল্লায় হাসানুজ্জামানের ঝড়ো ইনিংস

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:২২
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের বিপক্ষে টর্নেডো এক ইনিংস খেলেছেন কলাবাগান ক্রীড়া চক্রের ওপেনার হাসানুজ্জামান। তবে শনিবার মাত্র ৫ রানের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।
 
২৫ বলে তিনি হাফসেঞ্চুরি করেন। হাফসেঞ্চুরি করতে তিনটি বাউন্ডারি ছাড়াও চারটি ওভার বাউন্ডারি ছিল হাসানুজ্জামানের। তার এই টর্নেডো ইনিংস থামাতে ভূমিকা রাখেন স্পিনার নাঈম ইসলাম জুনিয়র। হঠাৎ নিচু হওয়া বলটি ক্রস খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন। আর তাতেই দারুণ একটি ইনিংসের অপমৃত্যু ঘটে।
 
আগের ইনিংসগুলোতে সর্বোচ্চ ২৩ রান করা হাসানুজ্জামান এদিন ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ৫৩ বলে ৪ চার ও ৮ ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।
 
তার সামনে সুযোগ ছিল মাশরাফির রেকর্ডটি নিজের করে নেওয়ার। গত ১৪ মে শেখ জামালের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন মাশরাফি। শুধু তাই নয়, ওই ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মেরেছেন ১১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড ছিল।