নূরজাহান বেগমের সর্বশেষ সাক্ষাত্কার ইত্যাদি’তে

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:৩৪
 
আগামীকাল ৫ জুন রাত ১০টার ইংরেজী সংবাদের পর প্রচারিত হবে চাঁদপুরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব। তবে ইত্যাদির এই বিশেষ পর্বে ইত্যাদি সঞ্চালক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের নেয়া ‘বেগম’ পত্রিকার সম্পাদিকা নূরজাহান বেগমের সাক্ষাত্কার প্রচার করা হবে।
 
সেই হিসেবমতে নূরজাহান বেগমের সর্বশেষ সাক্ষাত্তার এটি। সদ্য প্রয়াত এই কিংবদন্তী নারী উদ্যোক্তার সাক্ষাত্কার প্রসঙ্গে ইত্যাদি নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা সারাদেশের আলোকিত মানুষদের কথা, তাদের দর্শণ তুলে ধরেছি এর আগেও। নূরজাহান বেগম সেই ধারাবাহিকতায় সাক্ষাত্কার নেয়া। তবে সর্বপ্রথম বা সর্বশেষ সাক্ষাত্কারের প্রপাকান্ডা ইত্যাদি বিশ্বাস করে না। কারণ ইত্যাদি সামাজিক মেসেজ দেবার জন্য তার বার্তাবাহক হিসেবে সবসময় এমন গুণী ব্যক্তিত্বের কাছে গিয়েছে সবসময়। নূরজাহান বেগমের সাক্ষাত্কারও তার একটি অনন্য অংশ।’
 
কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৪ সালের নভেম্বর মাসে ‘ইত্যাদি’র প্রশংসিত এই পর্বটির ধারণ করা হয়েছিল চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড় স্টেশন মোলহেডে।
 
বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। ছিল ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের উপর অনুকরণীয় প্রতিবেদন। কোন ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসনের কু-প্রভাবে প্রভাবিত না হয়ে ৪০ সদস্য বিশিষ্ট যে পরিবারটি এখনো একত্রে বসবাস করছে। এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ।