৩০ সেপ্টেম্বর ঢাকা আসছে ইংলিশরা

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৮:১৬
ছয় বছর পর দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বর তারা ঢাকায় পা রাখবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
 
তিনি বলেন, আমরা প্রায় প্রতিনিয়ত তাদের বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত জানা গেছে সফরকারী দলটি বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর পা রাখতে চায়।
 
তবে, এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে। ২০০৩ সালের অক্টোবরের পর ইংল্যান্ড সাত বছর পর ২০১০ সালে বাংলাদেশে এসেছিল। একই বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররা। ২০১০ সালে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বাংলাদেশের সঙ্গে আর টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে দুই দল ওয়ানডে খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে।
 
দুটিতেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংলিশরা। বিস্ট্রলে নিজেদের মাটিতেই আরও একবার টাইগারদের কাছে হেরেছিল ইংলিশরা।