এক নজরে ফুটবলের নতুন নিয়মগুলো

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৮:২২
চলতি জুন মাস থেকে ফুটবলের বেশ কয়েকটি নিয়মে এসেছে পরিবর্তন। এক নজরে দেখে নেয়া যাক সেই পরিবর্তনগুলো-
 
পেনাল্টি পাস নিষিদ্ধ!
গত ফেব্রুয়ারিতে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে পেনাল্টি শট সরাসরি না নিয়ে তার ডান পাশে পাস দিয়েছিলেন লিওনেল মেসি। আর সেটা থেকে গোল করেন লুইস সুয়ারেজ। তখন বিষয়টি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের আরেকটি জাদুকরি মুভ হিসেবে বিবেচিত হলেও সেটি নতুন নিয়মে নিষিদ্ধ করা হয়েছে। এখন যদি কোনো খেলোয়াড় পেনাল্টি শট নেয়ার আগ মুহূর্তে পুরোপুরি দাঁড়িয়ে যান বা অন্য কাউকে পাস দেন - তাহলে সেটা পেনাল্টি হিসেবে আর গণ্য হবে না৷ উল্টো প্রতিপক্ষকে একটি ‘ফ্রি কিক’ নেয়ার সুযোগ দেয়া হবে৷ যে খেলোয়াড় পেনাল্টি নিতে গিয়ে এটা করবেন, তাঁকে রেফারি চাইলে হলুদ কার্ডও দেখাতে পারেন।
 
পেনাল্টি বক্সে ফাউলের শাস্তির ধরণে পরিবর্তন
 
আগে পেনাল্টি বক্সের মধ্যে একজন ফুটবলার ফাউল করলে তিনভাবে শাস্তি দেয়া যেতো - পেনাল্টি শট, লাল কার্ড এবং নিষেধাজ্ঞা। জার্মানরা এই নিয়মের বিরুদ্ধে বেশ সরব ছিল। নতুন নিয়মে রেফারির দায়িত্ব বেড়ে গেছে। এই বিষয়ে অভিযুক্ত খেলোয়াড়কে তখনই বের করে দেয়া যেতে পারে, যদি তিনি ইচ্ছাকৃতভাবে ফাউল করে থাকেন। তবে শুধু বল খেলতে গিয়ে কিছু হলে সর্বোচ্চ শাস্তি হলুদ কার্ড।
 
খেলা শুরুর আগেই লাল কার্ড!
 
নতুন নিয়মে খেলা শুরু হওয়ার আগেই একজন খেলোয়াড়কে চাইলে লাল কার্ড দেখাতে পারেন রেফারি। তা সত্ত্বেও তাঁর দল এগারো জন নিয়ে মাঠে নামতে পারবে৷ অর্থাৎ লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের বিকল্প মাঠে নামানো যাবে।
 
গোলকিপারের সামনে দেয়াল নয়
 
ফ্রি কিক নেয়ার সময় প্রতিপক্ষের গোলকিপারের সামনে পাশাপাশি দাঁড়িয়ে দেয়াল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। যে দলের বিপক্ষে ফ্রি কিক শুধুমাত্র সেই দলের খেলোয়াড়রা প্রতিরক্ষা দেয়াল গড়তে পারবেন।
 
পানীয় বিরতি
 
গরমের দিনে বা দুপুরের পর আয়োজিত খেলায় রেফারি চাইলে পানীয়র বিরতি নিতে পারবেন যাতে খেলোয়াড়রা তরল পান করে নিজেদের আবার সতেজ করে নিতে পারেন৷ তবে বিরতির জন্য নেয়া সময় খেলা শেষের বাড়তি সময়ের সঙ্গে যোগ করতে হবে৷
 
থ্রো-র নিয়ম কড়া হচ্ছে
 
আগে বল ‘থ্রো’ করার নিয়ম পালনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা ছিল। কিন্তু এখন খেলোয়াড়কে অবশ্যই দু’হাতে ধরে মাথার উপর থেকে বলটি ‘থ্রো’ করতে হবে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেটা করতে হবে, যেখান দিয়ে বলটি মাঠের বাইরে গিয়েছিল৷
 
জুতা ছাড়া খেলা যাবে
 
আগে একজন খেলোয়াড়ের এক পায়ের জুতো খুলে গেলে সেটা না পরা পর্যন্ত চাইলেও তিনি খেলতে পারতেন না৷ এখন জুতা খুলে গেলে খালি পায়েও খেলা চালিয়ে যাওয়া যাবে, এমনকি ‘শিন গার্ড’ খুলে গেলেও সমস্যা নেই৷