জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কলেজ

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:২২
আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ। শনিবার মিরপুরস্থ ঢাকা কমার্স কলেজের প্রফেসর কাজী ফারুকী অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষ হয়।
 
দেশের সেরা ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ও রানার আপ হয় ঢাকা কমার্স কলেজ।
 
সংসদীয় পদ্ধতির উক্ত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল- এই সংসদ শিক্ষার উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক খাতে বাজেট বৃদ্ধি করবে।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার বেঞ্জামিন কস্তা। 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু সাইদ, অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনকারী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কাজী ফারুকীর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, অধ্যাপক কাজী ফারুকী এই জাতির একজন গর্বিত শিক্ষাবিদ। শারিরীকভাবে অসুস্থ এই শিক্ষাবিদের দ্রুত আরোগ্য কামনা করেন বক্তারা।
 
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ডিবেট ফর ডেমোক্রেসি’র পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে নগদ ২৫ হাজার টাকা প্রদানের ঘোষণা করা হয়।