‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে’

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:২৮
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামীলীগ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
 
শনিবার বিকালে জেলা শহরের রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর আওয়ামীলীগের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বলেন, বিগত বিএনপি জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ মাস্টার এমপির হত্যাকান্ডের পর হাসপাতালে তাকে দেখতে আমাদের যেতে দেয়া হয়নি। এমনকি দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হয়েছেন এমন মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। 
 
মন্ত্রী বলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের এ প্রতিনিধি সভাকে মডেল হিসেবে নেয়া হয়েছে। এ সভাকে মডেল হিসেবে ধরে আমরা আগামিতে আওয়ামী লীগের অন্যান্য সভা সমূহ আয়োজন করবো।
 
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভেকেট আজমতউল্লা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভেকেট রহমত আলী এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি আখতারউজ্জামান, জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামীলীগ নেতা অ্যাডভেকেট মমতাজ উদ্দিন মেহেদী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুর রউফ নয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন সবুজ, এবিএম নাছির উদ্দিন নাছির, আফজাল হোসেন সরকার রিপন, আশরাফুল আলম আসকর প্রমুখ।
 
মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার)।