শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান ড. কামালের

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:৩৭
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, 'সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র-শিক্ষক সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।' তিনি বলেন, 'ক্যাম্পাসে অপরাজনীতি নয়, সুষ্ঠু রাজনীতির চর্চার ফিরিয়ে আনতে হবে। সনির মৃত্যুবার্ষিকী সন্ত্রাসমুক্ত দিবস হিসেবে পালনের দাবি রাখে।'
 
বুয়েটের মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনির চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতাকালে ড. কামাল হোসেন এ কথা বলেন।
 
সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাঙ্গন 'সন্ত্রাসমুক্ত করণের' দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ বছর আগে ৮ জুন ক্যাম্পাসে টেন্ডার সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধের সময় ক্রসফায়ারে মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি মর্মান্তিকভাবে নিহত হয়।
 
ফাউন্ডেশনের অনারারী চেয়ারম্যান ড. কামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বুয়েটের সাবেক ভিসি প্রফেসর এ এম এম শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী খবির উদ্দিন খান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, বুয়েট শিক্ষক শওকত চৌধুরী, প্রকৌশলী বিজয় তালুকদার ও সনির পিতা হাবিবুর রহমান ভূঁঞা প্রমুখ আলোচনায় অংশ নেন।
 
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল, আ ও ম শফিক উল্লা, এডভোকেট ইসমাইল হোসেন ও গণফোরাম নেতা মুক্তিযোদ্ধা এম শফিউর রহমান খান এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
সভায় বুয়েটের উপাচার্যের অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।