বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই বিট্রিশ আমল থেকে এত খারাপ নির্বাচন মনে হয় এ দেশের মানুষ দেখেনি।
শনিবার রাত ৮টায় ঠাকুরগাঁও পৌর বিএনপির এ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আপোষ করে না। জিয়াউর রহমানের মতো স্বাধীনতার পতাকা নিয়ে আন্দোলন করছেন খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করছেন।
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি। হ্যাঁ, আমাদের কিছু ত্রুটি থাকতে পারে তবে গণতন্ত্রের জন্য আপোষ করবো না।
পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মামলা দিয়ে কিভাবে খালেদা জিয়াকে অন্তরীণ করা যায় সে কাজ করছে সরকার। সব ষড়যন্ত্র শুরু হয়েছে। যা কিছু ঘটে বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে।’
এ সময় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আবদনান প্রমুখ।
