ভারতীয় হাইকমিশনের ঈদ ভিসা ক্যাম্প শুরু

আপডেট : ০৫ জুন ২০১৬, ০১:৪০
ভারতে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ ঈদ ভিসা ক্যাম্প শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল শনিবার সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারী কমপ্লেক্সে ভিসা ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
গতকাল থেকে শুরু হওয়া ভিসা ক্যাম্প আগামী ১৬ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত (১০ জুন শুক্রবার ছাড়া) চলবে। ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।
 
ভিসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, সহজে ভিসা প্রদানের জন্য হাইকমিশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরফলে দুই দেশের মানুষের মেল বন্ধন আরো দৃঢ় হবে। আমরা আরও কাছাকাছি যেতে পারব। সম্পর্ক আরো গভীর হবে।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ভারতীয় হাইকমিশনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়, চ্যালেঞ্জিংও বটে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সমস্যা নিয়ে সব সময়ই আমরা আলোচনা করেছি। আমি কৃতজ্ঞ যে একটি নতুন উদ্যোগের মাধ্যমে ভিসা সমস্যার সমাধান হচ্ছে। এজন্য হাইকমিশন ধন্যবাদ পাবার যোগ্য। এটা প্রমাণ হলো আলোচনা করলে কেবল ভিসা নয়, যেকোনো সমস্যারই সমাধান সম্ভব।
 
ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাসে আজ একটি বিশেষ দিন। প্রতিদিন আমি বাংলাদেশের বন্ধুদের সঙ্গে দেখা করি যারা কেনাকাটা, সিনেমা দেখা, চিকিত্সা, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যেতে চান। সেজন্যই এই উদ্যোগ। আমরা চাই ঈদসহ যে কোনো ছুটিতে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতই বাংলাদেশিদের গন্তব্য হোক। এজন্যই প্রথমবারের মতো এই ঈদ ভিসা ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজ এর সহযোগিতায় আয়োজিত ভিসা ক্যাম্পে গতকাল প্রথম দিন সকালে ছয় হাজারেরও বেশি ভিসা প্রার্থী জড়ো হন। পর্যায়ক্রমে তাদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে জেট এয়ারওয়েজ এর সৌজন্যে কলকাতা, মুম্বাই ও দিল্লীর ফিরতি যুগল টিকিট দেওয়া হয়। জেট এয়ারওয়েজ ক্যাম্পে আগত আবেদনকারীদের সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রির ব্যবস্থা করেছে।
 
অনুষ্ঠানে জানানো হয় এই ঈদ ভিসা ক্যাম্পের পাশাপাশি ১১টি ভিসা আবেদন কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।