ফরাসি ওপেনে সেরেনাকে হারিয়ে নতুন রানী মুগুরুসা

আপডেট : ০৫ জুন ২০১৬, ১২:৪৫
 
পরিসংখ্যানে ফাইনালের আগে সব দিক দিয়ে এগিয়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। তবে কাগজের হিসাব কোন কাজে আসেনি ফরাসি টেনিস কোর্টে। শেষ পর্যন্ত দুরন্ত ফর্মে থাকা সেরেনাকে হারিয়ে বাজিমাত করেছেন স্প্যানিশ তারকা গার্বিনে মুগুরুসা। বিশ্ব টেনিসে নারীদের নাম্বার ওয়ান সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতেছেন ফরাসি ওপেনের শিরোপা।
 
রোলা গাঁরোর ফাইনালে শনিবার ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে পাত্তাই দেননি স্প্যানিশ টেনিস তারকা। যুক্তরাষ্ট্রের তারকাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের ট্রফিটিতে বিজয় চুম্বন দেন ২২ বছর বয়সী মুগুরুসা। এ জয়ের মধ্য দিয়ে সেরেনার বিপক্ষে মধুর এক প্রতিশোধও নেওয়া হলো মুগুরুসার। গতবছর উইম্বডনে ফাইনালে সেরেনার কাছেই হারেন তিনি।
 
১৯৯৮ সালে আরানচা সানচেসের পর স্পেনের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে রোলা গাঁরোয় চ্যাম্পিয়ন হলেন মুগুরুসা। ফাইনাল শেষে তিনি বলেন, 'সেরা খেলোয়াড়ের বিপক্ষে গ্র্যান্ড স্ল্যামে খেলতে পেরে আমি খুব উল্লসিত। আমার ক্যারিয়ারের এটা সেরা ফাইনাল। আমি খুব খুশি।'