‘মিতু হত্যার পিছনে জঙ্গিরা’

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৯:০৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরাই পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
তিনি বলেন, বাবুল আক্তার একজন দক্ষ, সৎ অফিসার এবং জঙ্গি দমনে প্রচুর কাজ করেছেন। তাই তাকে না পেয়ে তার স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে।
 
রবিবার সকালে নগরীর জিইসি মোড়ের কাছে ছেলেকে স্কুলবাসে তুলে দেয়ার সময় তার স্ত্রী মাহমুদার মাথায় গুলি করে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
দুই মাস আগে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়ে ঢাকায় আসার আগে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করেন বাবুল আক্তার। সে সময় তার নেতৃত্বে জেএমবির আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে নেতা পর্যায়ের একজন পুলিশের সঙ্গে এক অভিযানে থাকা অবস্থায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন।
 
জঙ্গি দমনে ভূমিকার জন্য প্রশংসিত বাবুল ঢাকায় পুলিশ সদরদপ্তরে যোগ দিলেও তার পরিবার ছিল চট্টগ্রাম শহরে।