ইসলাম বিষয়ক গবেষক প্রয়াত আলহাজ আহমেদ তৌফিক চৌধুরীর একক পুস্তক প্রদর্শনী হয়ে গেল রাজধানীর বকিশবাজারে। আহমদীয়া মুসলিম জামায়াতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া, ঢাকার উদ্যোগে তার প্রকাশিত ১০৯টি পুস্তক ও পুস্তিকার মধ্যে ৭৪টি নিয়ে শুরু হয় এই আয়োজন।
ইসলামের এই গবেষক দেশের বিভিন্ন ইসলামি ফতোয়া থেকে শুরু করে ধর্মীও আচার-আচরণ ও বিশ্বাসের খুঁটিনাটি বিষয় উপস্থাপন করেছেন তার বইয়ের মাধ্যমে। তার প্রকাশিত বই নিয়ে পুস্তক প্রদর্শনীর আয়োজন সম্পর্কে যুব সংগঠনটির প্রধান বলেন, নতুন প্রজন্মকে এই জ্ঞানী ব্যক্তিটির কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং ইসলাম গবেষণায় তাদের অনুপ্রেরণা যোগাতে আমাদের এই আয়োজন। তিনি ইসলামের শান্তি ও সৌন্দর্যকে তার বইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার লেখার অন্যতম বিষয় ছিল বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা। বাংলাদেশের ইসলামসহ সকল জাতির বন্ধনের কথা আছে সেখানে। আশা করছি ইসলামের এমন শিক্ষা রয়েছে যার বইয়ে, তা পুনর্মুদ্রণের ব্যবস্থা করা হবে।
